ঢাকার ধামরাইয়ে এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনকে দায়িত্ব অবহেলার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা জেলা উত্তর শাখার অধীনস্থ ইউনিট কমিটিতে দায়িত্বশীল পদে আসীন থেকে দায়িত্বে অবহেলা করার কারণে কেন আপনার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
সম্প্রতি উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকায় সাদ্দাম হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়ি গিয়ে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হুমকি-ধমকি দেন রাফিজুল ইসলাম রবিন। সেই ঘটনার একটি ভিডিও তিনি নিজেই ফেসবুকে প্রকাশ করেন।
এ সময় রবিন সাদ্দামের মাকে উদ্দেশ্য করে বলতে থাকেন, ‘আরামেই থাকতে চাইয়েন, ইয়ার বাইরে যাইতে না কইরেন, নাইলে বাড়ির ইট সুদ্ধা থাকবো না।’
সাদ্দাম হোসেনের দাবি, মূলত রবিনের সহযোগী জাকারিয়ার সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক ছিল ও তাদের মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। সেই বিরোধকে কেন্দ্র করে রাজনৈতিক ট্যাগ দিয়ে তাকে পুলিশে গ্রেফতার করানো হয় ও হুমকি-ধমকি দেওয়া হয়।
বিষয়টি নিয়ে গেল আগস্টে একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করে। এরই পরিপ্রেক্ষিতে রাফিজুল ইসলাম রবিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন বলেন, ছাত্রদলের নাম ব্যবহার করে কোনো অপকর্মের সুযোগ নেই। সম্প্রতি ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেটি তদন্তের জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত শেষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই