ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কুনিহাড়ি গ্রামে ১৩ মিটার প্রশস্ত একটি খালের ওপর নির্মাণ করা হচ্ছে ১৮ মিটার দৈর্ঘ্যের একটি গার্ডার সেতু। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এই সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে আড়াই কোটি টাকারও বেশি।
ইতোমধ্যে পুরোনো কালভার্টটি ভেঙে নতুন সেতু নির্মাণের জন্য পাইল বসানোর প্রস্তুতি সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে নির্মাণকাজ শুরুর আগেই সেতুর কাজে ব্যবহারের জন্য আনা বালু ও পাথরের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পুরোনো কালভার্টটি দিয়ে এলাকার মানুষ ও যানবাহন চলাচল করে আসছিল। নতুন সেতু নির্মাণে তাদের মধ্যে আশার সৃষ্টি হলেও কাজের শুরুতেই নির্মাণসামগ্রীর মান নিয়ে প্রশ্ন ওঠায় তারা অনেকটা হতাশায় রয়েছে। সেতুটি যাতে টেকসই ও মানসম্মতভাবে নির্মাণ করা হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি দাবি করেছেন তারা।
তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু নির্মাণের জন্য সাইটে বালু ও পাথর নিয়ে এসেছে, কিন্তু এখনো নির্মাণকাজ শুরু হয়নি।
এ বিষয়ে এলজিইডি ঝালকাঠি সদর উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, কাজ শুরুর আগে আমাদের নির্বাহী প্রকৌশলী কাজের সাইট পরিদর্শন করবেন। নির্মাণসামগ্রীতে কোনো ত্রুটি পাওয়া গেলে তা পরিবর্তন করে দেওয়া হবে।
সময়ের আলো/আতা