সংবাদ প্রকাশের পরে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামে পায়রা নদীর অব্যাহত ভাঙনে ক্ষতিগ্রস্ত দশটি পরিবারকে শুকনো খাবার বিতরণ করেন উপজেলা প্রশাসন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে পায়রা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী।
এর আগে, শনিবার দৈনিক সময়ের আলোতে 'দুমকিতে পায়রা নদীতে ভাঙন অব্যাহত, নদীগর্ভে হারাচ্ছে বাহেরচর' এ শিরোনামের সংবাদ প্রকাশ হলে প্রশাসনের নজরে আসে।
ভাঙনের ক্ষতিগ্রস্তরা জানান, আমরা সহায়তা পেয়ে খুশি, কিন্তু ভাঙনে আমাদের জায়গা-জমি, ঘরবাড়ি সবকিছু হারিয়ে রাস্তার পাশে অস্থায়ীভাবে বসবাস করি। আমাদের যদি সরকার পুনর্বাসনের ব্যবস্থা করে দিত তাহলে আমরা পরিবার নিয়ে থাকতে পারতাম। সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের জন্য যেন পুনর্বাসনের ব্যবস্থা করে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, সাংবাদিকরা খবর প্রকাশের পরে আমাদের নজরে আসে। আমরা ১০ টি পরিবারকে কিছু শুকনো খাবার প্রদান করেছি। ৩০ পরিবারকে ১০ কেজি করে চাল দিতে ইউনিয়ন চেয়ারম্যানকে বলা হয়েছে। আবাসন ও স্থায়ীভাবে ভাঙন রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি।
সময়ের আলো/আতা