পর্তুগালের জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ডেজার্ট বাবা দ্য কেমেলো। চাইলে খুব সহজেই ঘরে বসে আপনিও তৈরি করতে পারেন ডেজার্টটি।
৬ জনের জন্য ডেজার্টটি তৈরির রেসিপি
উপকরণ
১ ক্যান কনডেন্সড মিল্ক এবং ৪টি ডিম।
প্রস্তুত প্রণালি
প্রথমে কনডেন্সড মিল্ক ক্যারামেলাইজড করে নিন। এ জন্য কনডেন্সড মিল্কের ক্যানটি না খুলে প্রেশার কুকারে রেখে ক্যানের অর্ধেক পর্যন্ত পানি দিন। কুকারের ঢাকনা আটকে ৪০ মিনিট থেকে ১ ঘণ্টা সেদ্ধ করুন। এরপর প্রেশার রিলিজ করে ক্যানটি বের করে পুরোপুরি ঠান্ডা হতে দিন। সেদ্ধ করার ফলে এটি ঘন ক্যারামেলে পরিণত হবে। এবার ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে রাখুন। প্রস্তুত করা ঠান্ডা ক্যারামেলাইজড কনডেন্সড মিল্ক এবং ডিমের কুসুমগুলো একসঙ্গে একটি হ্যান্ড বিটার দিয়ে মসৃণ হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। অন্য একটি পাত্রে ডিমের সাদা অংশ সামান্য এক চিমটি লবণ দিয়ে বিট করতে থাকুন যতক্ষণ না তা একদম শক্ত সাদা ফোমে পরিণত হয়। ডিমের সাদা অংশের ফেনা ধীরে ধীরে ক্যারামেল ও কুসুমের মিশ্রণে হালকা হাতে মিশিয়ে দিন, যাতে ভেতরের বাতাস বের হয়ে না যায়।
পরিবেশন
মিশ্রণটি ছোট ছোট পাত্রে ঢেলে নিয়ে কয়েক ঘণ্টার জন্য ফ্রিজে ঠান্ডা হতে দিন। পরিবেশনের সময় ওপর দিয়ে কাঠবাদাম বা পেস্তাবাদামকুচি ছড়িয়ে দিতে পারেন। ফ্রিজ থেকে বের করার ১০ মিনিট পর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু পর্তুগিজ ডেজার্ট বাবা দ্য কেমেলো।
সূত্র : ইএন ভলস
সময়ের আলো/মহু