মাগুরার শালিখায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার সিংড়া বাজারের মোটর শ্রমিক অফিসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বলাই নাঘোশা গ্রামের জাফর মোল্লা ও সামসু মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে দুই দিন আগে জাফর মোল্লার দুটি সেচ পাম্প চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
এরই জের ধরে সোমবার দুপুরে সিংড়া বাজারের মোটর শ্রমিক অফিসে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে জাফর মোল্লা পক্ষের জাফর মোল্লা (৬৫), শহীদ মোল্লা (৫৫), ইসমাইল (৩৫), জসিম (৩২), সাদিকুল (২৫), সুলতান (৩০), ফিরোজ (৩২) ও আব্দুল্লাহ (৩২) রয়েছেন। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সুলতান (৩০)-এর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এ ছাড়া সামসু মেম্বার পক্ষের আহত দুইজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি কয়েক জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে মাগুরা ও যশোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সময়ের আলো/এনএন