গারো পাহাড়ঘেঁষা সোমেশ্বরী নদী পার হতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। ছবি : সময়ের আলোগারো পাহাড়ঘেঁষা সোমেশ্বরী নদী; শেরপুরের শ্রীবরদী উপজেলায় এই নদীর দুই তীরজুড়ে ৫ গ্রামের হাজারো মানুষের বাস। প্রতিদিন তাদের এই নদী পার হতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে ভেসে যায় বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগব্যবস্থা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থী, কৃষক ও অসুস্থ রোগীদের।
দীর্ঘদিনের দাবি ও নানা উদ্যোগের পরও সেতু নির্মাণ না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তবে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত খাড়ামোড়া, রাঙাজান, কোচপাড়া, তাওয়াকুচা ও বালিজুরী গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম বাধা সোমেশ্বরী নদী। নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় স্থানীয় বাসিন্দাদের নিজেদের উদ্যোগে তৈরি বাঁশ ও কাঠের অস্থায়ী সাঁকো দিয়ে চলাচল করতে হয় শুষ্ক মৌসুমে। কিন্তু বর্ষা এলেই পাহাড়ি ঢলের প্রবল স্রোতে সাঁকো ভেঙে যায় কিংবা পানিতে তলিয়ে যায়। তখন নৌকা অথবা বুকসমান পানি পেরিয়ে নদী পার হতে হয়।
সেতুর অভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। ঝুঁকিপূর্ণ সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যেতে হয় তাদের। বর্ষায় নদী পারাপার বন্ধ হয়ে গেলে ব্যাহত হয় পড়াশোনা। অন্যদিকে কৃষকদের উৎপাদিত ফসল ও কৃষিপণ্য বাজারে নিতে গুনতে হয় বাড়তি পরিবহন খরচ। জরুরি প্রয়োজনে কোনো রোগীকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে।
যোগাযোগব্যবস্থার এমন দুরবস্থায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক বনযাত্রা, শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ড। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সম্প্রতি সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ‘হান্ড্রেড মিটার’ প্রকল্পের আওতায় সেতু নির্মাণের প্রস্তাব করা হলেও কারিগরি জটিলতায় তা এখনো বাস্তবায়িত হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দলের মূল্যায়নে প্রস্তাবিত নকশা ও পরিকল্পনার কিছু দুর্বলতা উঠে আসে। সেতুর দৈর্ঘ্য বৃদ্ধি এবং নদীর প্রবল স্রোত ও ভাঙনের ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত সেতু নির্মাণের কাজ এখনো শুরু হয়নি।
শ্রীবরদী উপজেলা প্রকৌশলী মশিউর রহমান জানান, সেতু নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রয়োজনীয় কারিগরি বিষয়, নকশা ও অনুমোদন সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
এদিকে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল জানিয়েছেন, পাঁচ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি সেতু মন্ত্রণালয়, প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।
সময়ের আলো/আতা