বেত্রাঘাতের ঘটনায় বিচার চেয়ে বাবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন। ছবি : সময়ের আলোদিনাজপুরের ঘোড়াঘাটে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর ডান হাতের স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট হওয়ার অভিযোগে পাঁচ মাস পর অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বরখাস্তের আদেশসংক্রান্ত চিঠি উপজেলা শিক্ষা অফিসে পৌঁছেছে। তবে এখনো অভিযুক্ত শিক্ষিকার হাতে চিঠি পৌঁছায়নি। এদিকে শিশুটির ন্যায়বিচার ও চিকিৎসার দায়িত্ব নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা। পরিবারের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করেছেন ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্যরা।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ওসমানপুর টিএন্ডটি মোড় এলাকায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী শিশু সুমাইয়া আক্তার উপজেলার বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ছাইদুর রহমানের অভিযোগ, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আখতার প্রায়ই শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দিতেন। একপর্যায়ে ওই শিক্ষিকার স্টিলের বেতের আঘাতে সুমাইয়ার ডান হাত গুরুতর আহত হয়। পরে হাতটি ফুলে যায় এবং স্বাভাবিক কর্মক্ষমতা হারায়।
ছাইদুর রহমান বলেন, গত পাঁচ মাস ধরে তার মেয়ে কলম ধরতে ও লিখতে পারছে না। নিজের হাতে খাবার খাওয়া এবং জামাকাপড় পরাসহ দৈনন্দিন কাজও করতে পারছে না। বর্তমানে সে একজন অর্থোপেডিক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। চিকিৎসকের মতে, হাতটি পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগতে পারে। এত দিনেও অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পরিবারের অভিযোগ, সুমাইয়ার ঘটনার প্রায় দুই মাস পর গত ১৬ সেপ্টেম্বর একই শিক্ষিকার বিরুদ্ধে তৃতীয় শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে টেবিলের নিচে মাথা ঢুকিয়ে পেছনের অংশে বেত্রাঘাতের অভিযোগ ওঠে। এ সময় সানজিদা নামের এক ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে কয়েকবার বমি করে।
এসব ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়। সংশ্লিষ্ট কাগজপত্র জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হলেও দীর্ঘদিন দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
সংবাদ সম্মেলনে ছাইদুর রহমান ঘটনার সুষ্ঠু তদন্ত, মেয়ের চিকিৎসার দায়িত্ব নিশ্চিত করা এবং অভিযুক্ত শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে তার দাবির প্রতি সংহতি জানিয়ে ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্য ও ভুক্তভোগী পরিবারের লোকজন মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কথা। সেখানে শিক্ষকের হাতে শিশু নির্যাতনের অভিযোগ উদ্বেগজনক। একটি শিশুর স্বাভাবিক জীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ব্যবস্থা নিতে দীর্ঘসূত্রতা দুঃখজনক। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিদ্যালয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন পাঠানো হয়েছিল। সেই প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের আদেশসংক্রান্ত চিঠি সোমবার শিক্ষা অফিসে পৌঁছেছে। আজ অথবা আগামীকালের মধ্যে শিক্ষিকার কাছে চিঠিটি পৌঁছে দেওয়া হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষিকা সেলিনা আখতারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তার কিছু বলার নেই। তিনি ২০ বছর ধরে ওই বিদ্যালয়ে কর্মরত আছেন। এত দিন কেউ কোনো অভিযোগ করেনি। কেন তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সে বিষয়ে তিনি কথা বলতে চান না।
সময়ের আলো/জোই