প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:০৯ পিএম
সার পাচারের অভিযোগে বিএনপি ছাত্রদলের ৩ নেতাকর্মী আটক। ছবি : সময়ের আলোচট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেফতাররা স্থানীয় বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। এর আগে রোববার উপজেলার ওচমানপুর ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওই এলাকার মৃত ফজলুল হকের ছেলে মহসিন সম্রাট (৫৭), মহসিন সম্রাটের ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) ও ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ফরিদুল ইসলামের ছেলে ফারাবি হোসেন (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময় মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে হয়ে মিয়ানমারে সার পাচার করে আসছে একটি অসাধু চক্র। গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের অপেক্ষায় থাকা ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ। ওই সময় সার পাচারের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়। আটকদের দেওয়া তথ্য ও তাদের মোবাইল ফোনের কল লিস্ট ধরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীদের সংপৃক্ততা পায় জোরারগঞ্জ থানা পুলিশ।
আটকদের দেওয়া তথ্য ও মোবাইলে পাওয়া প্রমাণের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের অফিসে অভিযান চালায়।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, বাদশাহ নামে একজনকে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের অফিস থেকে সার পাচার সংক্রান্ত তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। কিন্তু তার সম্পৃক্ততায় পাওয়া যায়নি। গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই