প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:৪২ পিএম
আটক মারুফ হাসান পিয়াস। ছবি : সময়ের আলোকুষ্টিয়ায় এক নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ছাত্রদল নেতা মারুফ হাসান পিয়াসকে আটকের ঘটনা ঘটেছে। এ সময় তাকে মারধর করা হয় বলে জানা গেছে। পরে তাকে ছিনিয়ে নিতে গিয়ে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনার ১ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ মুচিপাড়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
মারুফ হাসান পিয়াস কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সদস্যসচিব। তিনি হাটশ হরিপুর ইউনিয়নের বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর বাড়িতে পিয়াসের নিয়মিত যাতায়াত ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। রোববার সন্ধ্যায় তিনি ওই বাড়িতে প্রবেশ করলে নারীর স্বামী ও স্বজনেরা একটি ঘরে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পিয়াসকে আটক করে মারধর করেন।
এদিকে পিয়াসকে উদ্ধারে তার অনুসারীরা ঘটনাস্থলে গিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পিয়াসকে সেখান থেকে নিয়ে যান।
ওই নারীর স্বামী অন্তর হোসেন বলেন, মারুফ হাসান পিয়াসের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্কের বিষয়ে আগে থেকেই সন্দেহ ছিল। তবে কোনো প্রমাণ ছিল না। ঘটনার দিন তিনি দোকানে ছিলেন। পিয়াস বাড়িতে প্রবেশ করলে তার ভাতিজারা বাড়ির গেটে তালা দিয়ে তাকে খবর দেন। পরে তিনি বাড়ির পেছন দিক দিয়ে ঘরে ঢুকে দুজনকে হাতেনাতে ধরেন। এরপর স্ত্রীকে তালাক দেওয়ার জন্য কাজি ডাকেন। কিন্তু পিয়াস ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত হওয়ায় তার অনুসারীরা এসে গুলি ছুড়ে তাকে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে মারুফ হাসান পিয়াস বলেন, ওই নারী তার বন্ধুর ছোট বোন। ব্যক্তিগত সমস্যার কারণে তিনি তাকে ডেকেছিলেন। সেখানে তাকে মবের শিকার হতে হয়েছে। পরে তিনি সেখান থেকে পালিয়ে আসেন।
গুলির শব্দ শোনার কথা স্বীকার করে পিয়াস বলেন, গোলাগুলির সময় তিনি বাড়ির ভেতরে ছিলেন। কারা গুলি করেছে, তা তিনি জানেন না। তবে আওয়ামী লীগ ও জাসদের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত বলে তিনি জানতে পেরেছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এ বিষয়ে এখনই মন্তব্য করার মতো কিছু নেই।
সময়ের আলো/জোই