প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:৪৮ পিএম আপডেট: ০৯.১১.২০২৬ ২:৫১ পিএম
বিভিন্ন এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ছবি : সংগৃহীত চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করেছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, মৌচাক, নাওজোর, ভোগরা বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরে চালু করা হয়েছে বিশেষ মনিটরিং সেল। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয়েছে।
সময়ের আলো/এমকে