উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীতমানিকগঞ্জের সিংগাইরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে একাধিক মামলায় বিপাকে পড়েছেন ৪৫টি পরিবার। তাদের অভিযোগ, চাঁদাবাজির মামলাসহ বিভিন্ন মামলায় হয়রানির শিকার হচ্ছেন তারা। এসব মামলায় নারী জনপ্রতিনিধি, আইনজীবী, শিক্ষার্থী ও বয়োবৃদ্ধ ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।
উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি পূর্বপাড়া (নদীর পাড়) গ্রামে রাস্তার প্রবেশমুখ বন্ধ করাকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত হয়।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামবাসী ওই রাস্তা ব্যবহার করতেন। তবে প্রবেশমুখ নিজেদের জমিতে পড়ায় মৃত কাইয়ুমের স্ত্রী রোকিয়া বেগম ও মৃত শেখ আব্দুল জলিলের ছেলে মো. আমিনুর সেটি বন্ধ করে দেন। পরে এলাকাবাসী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন। স্থানীয় এক বিএনপি নেতার হস্তক্ষেপে রাস্তার মুখ খুলে দেওয়া হলে গ্রামবাসী নিজেদের অর্থায়নে ১৩০ ফুট রাস্তা ইটের সলিং করেন।
বিরোধ মীমাংসায় সিংগাইর থানা ও বাঘুলি তদন্ত কেন্দ্রের পুলিশ মিলে কয়েক দফা চেষ্টা করেও ব্যর্থ হন। এর মধ্যে রোকিয়া বেগম গ্রামবাসীর বিরুদ্ধে থানায় দুটি চাঁদাবাজির মামলা করেন। একটি এজাহার হিসেবে নথিভুক্ত হয়েছে। ওই মামলায় অ্যাডভোকেট মো. ফয়সাল ও মো. শহিদকে গ্রেফতার করা হয়। অপর মামলাটি আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। আমিনুরও থানায় আরেকটি মামলা করেছেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭ ধারায় পৃথক দুটি মামলা হয়েছে।
স্থানীয় আজাহার খান (৭৫), ফজলুল হক (৬২), ছমির মৃধা (৬৫), রফিকুল ইসলাম (৬০), সাহানা বেগম (৩৫) ও জমিলা খাতুনসহ (৬৫) কয়েকজনের অভিযোগ, এসব মামলায় ৪৫টি পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে। আসামিদের মধ্যে রয়েছেন সংরক্ষিত নারী ইউপি সদস্য রোজিনা বেগম, আইনজীবী মো. ফয়সাল ও মাসুদ রানা, শিক্ষার্থী মো. রায়হান এবং কয়েকজন বয়োবৃদ্ধ ব্যক্তি।
রোজিনা বেগমের অভিযোগ, রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে। এ বিরোধের জেরে রোকিয়া ও আমিনুরের কাছ থেকে পুলিশ মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
মামলায় গ্রেফতার হওয়া মো. শহিদ বলেন, তিনি একটি মার্কেটিং কোম্পানিতে চাকরি করেন। রাস্তার বিরোধ সম্পর্কে কিছু না জানলেও তাকে আসামি করা হয়েছে। ছয় দিন কারাগারে থাকায় তার চাকরি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে রোকিয়া বেগম বলেন, রাতের অন্ধকারে গাছ কেটে তার বাড়ির ওপর দিয়ে জোর করে রাস্তা তৈরি করা হয়েছে। বাড়ির পূর্ব পাশের রাস্তা সংস্কারের জন্য গ্রামবাসী তার কাছে ১০ লাখ টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় তারা তার কেনা জমির ওপর দিয়ে রাস্তা করেছেন।
আমিনুর বলেন, ইউনিয়ন পরিষদ থেকে রোকিয়ার বাড়ির পূর্ব পাশে রাস্তা করে দেওয়া হয়েছে। কিন্তু গ্রামবাসী সেটি ব্যবহার না করে তার সীমানাপ্রাচীর ভেঙে ২০ থেকে ২৫ ফুট জায়গা দখল করে রাস্তা তৈরি করেছেন। এ কারণে তিনি মামলা করেছেন। চাঁদা দাবি ও মামলা-সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে রোকিয়া বেগম বলেন, এ বিষয়ে তিনি অবগত নন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, যথাযথ নিয়ম অনুসরণ করেই মামলাগুলো নথিভুক্ত করা হয়েছে।
সময়ের আলো/এনএন