বিয়ে বন্ধে ছাত্রীর আকুতি, তবু থামেনি আয়োজন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নিজের বাল্যবিয়ে বন্ধ করে পড়াশোনা চালিয়ে যেতে চায় ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী। এ জন্য মাদরাসার সুপারের কাছে লিখিত আবেদনও

2026-11-09T15:24:13+00:00
2026-11-09T15:28:03+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
বিয়ে বন্ধে ছাত্রীর আকুতি, তবু থামেনি আয়োজন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:২৪ পিএম  আপডেট: ০৯.১১.২০২৬ ৩:২৮ পিএম
শিক্ষার্থীর মাদরাসার সুপারের কাছে লিখিত আবেদন। ছবি : সংগৃহীত
নিজের বাল্যবিয়ে বন্ধ করে পড়াশোনা চালিয়ে যেতে চায় ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী। এ জন্য মাদরাসার সুপারের কাছে লিখিত আবেদনও করেছে সে। কিন্তু তার আকুতির পরও বিয়ে বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) বিয়ের দিন নির্ধারণ করে পরিবারের পক্ষ থেকে আয়োজন চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ওই শিক্ষার্থীর পরিচয় গোপন রাখতে সংবাদমাধ্যমটি তার ছদ্মনাম দিয়েছে ‘আশা’। সে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নের একটি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণিতে পড়ে। জন্মনিবন্ধন অনুযায়ী, তার জন্ম ২০১২ সালে। শ্রেণিতে প্রথম স্থান অধিকারী এই শিক্ষার্থী বর্তমানে মাত্র ১৪ বছর বয়সী।

রোববার (৮ নভেম্বর) মাদরাসার সুপার মো. হারুন অর রশিদ বরাবর দেওয়া লিখিত আবেদনে আশা জানায়, তার ইচ্ছার বিরুদ্ধে পরিবারের সদস্যরা বিয়ের আয়োজন করেছেন। সোমবার বিয়ের দিন ধার্য করা হয়েছে। কিন্তু সে এখনই বিয়ে করতে চায় না। পড়াশোনা চালিয়ে গিয়ে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে চায়। প্রয়োজনে তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার জন্যও মাদরাসার সুপারের কাছে অনুরোধ জানায় সে। একই সঙ্গে বিয়ে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আকুতি জানায়।

তবে শিক্ষার্থীর এমন আবেদন পাওয়ার পরও বিয়ে বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মাদরাসার সুপার মো. হারুন অর রশিদ বলেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এ ছাড়া তার আর কিছু করার নেই। এলাকায় তাকেও বসবাস করতে হবে বলে মন্তব্য করেন তিনি।


গলাচিপা উপজেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানাতে হয়। তারাই এ বিষয়ে ব্যবস্থা নেন।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোসা. শিরিন সুলতানা বলেন, তিনি বিষয়টি জানেন না। তাকে কেউ অবহিত করেনি। এ ছাড়া তার প্রশাসনিক ক্ষমতা নেই বলে জানান তিনি।

অন্যদিকে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, তিনি বিষয়টি জেনেছেন। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম আইনগত বয়স ১৮ বছর। বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে বাল্যবিবাহ হিসেবে গণ্য। সে হিসাবে ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থীর বিয়ের আয়োজন আইনবিরোধী।

একজন মেধাবী শিক্ষার্থী নিজের বিয়ে বন্ধ করে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য লিখিতভাবে সহযোগিতা চেয়েছে। অথচ বিয়ের দিন ঘনিয়ে এলেও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মধ্যে কার্যকর উদ্যোগের ঘাটতির অভিযোগ উঠেছে। শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।

সময়ের আলো/জোই
  বিষয়:   পটুয়াখালী  গলাচিপা  বাল্যবিয়ে  শিশু অধিকার  কিশোরী  শিক্ষার্থী  চরকাজল  মাদ্রাসা  বাল্যবিবাহ নিরোধ আইন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: