ঘোষণাতেই আটকে আছে বরিশালের ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

আধুনিক মানের ভবন নির্মাণ শেষ হয়েছে বহু আগেই। কয়েক দফা উদ্বোধনের ঘোষণাও এসেছে। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি, জনবল ও প্রশাসনিক অনুমোদনের

2026-11-09T17:35:07+00:00
2026-11-09T17:35:07+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঘোষণাতেই আটকে আছে বরিশালের ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম 
২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল। ছবি : সংগৃহীত
আধুনিক মানের ভবন নির্মাণ শেষ হয়েছে বহু আগেই। কয়েক দফা উদ্বোধনের ঘোষণাও এসেছে। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি, জনবল ও প্রশাসনিক অনুমোদনের অভাবে এখনো চালু হয়নি বরিশালের ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল। এতে দীর্ঘদিন ধরে হাসপাতালটির চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বিভাগের শিশুরা।

বরিশাল নগরীর আমানতগঞ্জে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। তবে ভবনের কাজ শেষ হলেও যন্ত্রপাতি স্থাপন, ভবন হস্তান্তর ও জনবল নিয়োগের প্রক্রিয়া শেষ না হওয়ায় চিকিৎসাসেবা শুরু করা সম্ভব হয়নি।

২০২৬ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কয়েক দফায় হাসপাতালটি চালুর সময় ঘোষণা করা হয়। গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান অক্টোবরের মধ্যে বরিশালসহ কয়েকটি হাসপাতাল চালুর কথা জানান। তবে সেই ঘোষণার পরও হাসপাতালটির কার্যক্রম শুরু হয়নি।

এর আগে গত এপ্রিলের শেষ দিকে হাসপাতালটি পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে চালুর নির্দেশ দিয়েছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। ১১ মে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ১ আগস্টের মধ্যে হাসপাতালটি চালুর কথা জানিয়েছিলেন। ২ আগস্ট প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারও হাসপাতালটি চালুর আশা প্রকাশ করেন।

হাসপাতালটির জন্য ১ হাজার ৪৪০টি পদের জনবল কাঠামো অনুমোদিত হয়েছে। এর মধ্যে ৭১৫টি ক্যাডার ও ৭২৫টি নন-ক্যাডার পদ। তবে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় নিয়োগ কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান, নিয়োগের আগে তিনটি মন্ত্রণালয়ের অনুমোদন, সচিব কমিটির সুপারিশ এবং প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন। এসব প্রক্রিয়া শেষ না হওয়ায় নিয়োগ আটকে আছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার বলেন, হাসপাতালের কিছু যন্ত্রপাতি ও চিকিৎসাসামগ্রী এখনো আসেনি। আসবাবপত্র এসেছে। চিকিৎসকদের পদ ও বেতন কোড তৈরি হয়েছে। ডিসেম্বরের মধ্যে বহির্বিভাগ চালু হতে পারে।

বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল একসঙ্গে চালুর পরিকল্পনা রয়েছে। বরিশালের হাসপাতালের স্থানীয় প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। শিগগিরই নিয়োগপ্রক্রিয়া শুরু হবে। নিয়োগ শেষ হলে হাসপাতালটি চালু করা হবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বরিশাল  ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: