জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে টার্গেট করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শুরু হয়নি বলে জানিয়েছেন সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এরকম কোনো টার্গেট করে করছি না। যেহেতু পেন্ডিং ছিল, পেন্ডিং লিস্ট অনুযায়ী আমরা এগুলো উপস্থাপন করছি।’
অন্য সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধেও অভিযোগ থাকলে আইন অনুযায়ী সেগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান দুদক সচিব। তিনি বলেন, কোনো পক্ষপাতিত্ব না করে অভিযোগগুলো আইনানুগভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।
আসিফের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ এবং কোন ভিত্তিতে অনুসন্ধান হচ্ছে, জানতে চাইলে তিনি এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি। তার ভাষ্য, কমিশন দীর্ঘ সময় না থাকায় অনেক অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় ছিল। সেগুলো এখন পর্যায়ক্রমে পর্যালোচনা করা হচ্ছে।
দুদক রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবে কাজ করছে কি না, এমন অভিযোগও নাকচ করে সচিব বলেন, ‘আমরা একটা স্বায়ত্তশাসিত স্বাধীন প্রতিষ্ঠান। আমরা কারো দ্বারা প্রভাবিত হয়ে বা কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো মামলা পরিচালনা করছি না। আমরা ন্যায়নিষ্ঠার সঙ্গে আইনানুগভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি।’
এর আগে আসিফের বিরুদ্ধে অর্থ পাচার, নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন, টেন্ডার ও উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়াসহ একাধিক অভিযোগ পাওয়ার কথা জানায় দুদক। এসব অভিযোগ চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে।
আসিফ অবশ্য অভিযোগগুলো অস্বীকার করেছেন। গত ৯ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে তিনি দুদকের অনুসন্ধানকে ‘মিডিয়া ট্রায়াল’ ও রাজনৈতিক হয়রানির অংশ বলে দাবি করেন।
সময়ের আলো/এমকে