দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি এসইউভির সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন।
দেশটির সড়ক নিরাপত্তাবিষয়ক সরকারি অংশীদার সংস্থা রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশন (আরটিএমসি) সোমবার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানটি কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার রাত সাড়ে ৯টার দিকে (জিএমটি) যানবাহনগুলোর মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, আরটিএমসির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১১ হাজার ৪৮৫ জন প্রাণ হারিয়েছেন। আগের বছরের তুলনায় এই সংখ্যা ৫ শতাংশের বেশি কমেছে। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ছিল পথচারী।
সময়ের আলো/ইউএমএইচ