যুক্তরাজ্য থেকে স্বাধীনতার লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ওয়েলসের রাজধানী কার্ডিফে অনুষ্ঠিত এক বৈঠকে তিন দেশের শীর্ষ নেতারা এই ঘোষণাপত্রে সই করেন। একই সঙ্গে সাংবিধানিক পরিবর্তনের প্রস্তুতি নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
ঘোষণাপত্রে স্বাক্ষর করেন ওয়েলসের ফার্স্ট মিনিস্টার ও প্লেড কামরির নেতা রুন আপ ইওরওয়ার্থ, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ও স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা জন সুইনি এবং উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ও সিন ফেইনের ভাইস-প্রেসিডেন্ট মিশেল ও'নিল।
যৌথ ঘোষণায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘পরিবর্তনশীল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে তিন নেতাই তাদের নিজ নিজ দেশের স্বাধীনতার বিষয়ে দৃঢ় অবস্থানের কথা জানান।
তারা বলেন, তাদের জাতিগুলোর ভবিষ্যৎ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্ত। একই সঙ্গে তারা দাবি করেন, ইতিহাসে এই প্রথম স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের দায়িত্বে থাকা ফার্স্ট মিনিস্টাররা সবাই যুক্তরাজ্য থেকে স্বাধীনতার পক্ষে একমত হয়েছেন।
ঘোষণাপত্রে বলা হয়েছে, তিন জাতিরই স্বাধীনতার পূর্ণ অধিকার রয়েছে। এ জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি প্রতিটি প্রশাসনিক অঞ্চলে সাংবিধানিক পরিবর্তনের প্রয়োজনীয় প্রস্তুতি, পরিকল্পনা ও বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতাদের এই যৌথ ঘোষণার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাজ্য সরকার।
সময়ের আলো/ইউএমএইচ