প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:২৫ পিএম
গাজা শহরের আল-সাফতাউই এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলার পর বাসিন্দারা ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন। ছবি : সংগৃহীত গাজায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলা ও আগের হামলায় আহতদের মধ্যে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৫ সালের ১১ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮০ জনে। একই সময়ে আহত হয়েছেন আরও ২৬ জন।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত দৈনিক পরিসংখ্যান প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৪৮ ঘণ্টায় নিহত ছয়জনের মধ্যে চারজন নতুন করে প্রাণ হারিয়েছেন। বাকি দুজন আগের হামলায় আহত হয়েছিলেন। এ সময়ে আহত ২৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের হিসাবে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় আহত হয়েছেন ৫ হাজার ৭১১ জন। এ ছাড়া বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, তথ্য যাচাই ও অনুমোদনের পর ১৮ জনের নাম মোট নিহতের তালিকায় যুক্ত করা হয়েছে। গত ২৪ অক্টোবরের পর এই প্রথম নতুন করে নিহতের সংখ্যা সংশোধন করা হলো।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৫৯৪ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৮৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সময়ের আলো/জেডি