ক্রিকেটারদের ক্যারিয়ার যে শুধু ব্যাট-বলেই থেমে থাকবে না, সেই বার্তাই যেন দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাইশ গজের ক্যারিয়ারের পাশাপাশি ভবিষ্যতের প্রস্তুতিও শুরু করে দিচ্ছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। সেই সুযোগ তৈরি করে দিতে পাঁচ দিনের লেভেল ওয়ান কোচিং কোর্স আয়োজন করেছে বিসিবি। এতে ক্রিকেটাররা যেমন কোচিংয়ের প্রাথমিক জ্ঞান অর্জন করছেন, তেমনি খেলা ছাড়ার পর ক্রিকেটের সঙ্গেই থাকার নতুন দরজাও খুলছে তাদের সামনে।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে শনিবার শুরু হয়েছে পাঁচ দিনের এই কোচিং কোর্স। এতে অংশ নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেট খেলা ৩২ জন বর্তমান ও সাবেক ক্রিকেটার। কোর্সের সেশন পরিচালনা করছেন বিসিবির কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, সোহেল ইসলাম ও নাভিদ নেওয়াজ। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার আরাফাত সানি, মাহমুদউল্লাহ রিয়াদ, কামরুল ইসলাম রাব্বি ও ফজলে রাব্বি। তাদের মধ্যে কয়েকজন এখনও ঘরোয়া ক্রিকেটে সক্রিয়।
চলতি বছর এর আগেও লেভেল টু ও লেভেল থ্রি কোচিং কোর্স আয়োজন করেছে বিসিবি। ১৫ থেকে ২০ জুলাই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত লেভেল টু কোর্সে অংশ নেন ৩২ জন। কোর্সটি পরিচালনা করেন আইসিসির লেভেল থ্রি মাস্টার এডুকেটর ও নেপালের সাবেক ক্রিকেটার বিনোদ কুমার দাস। এ ছাড়া অনুষ্ঠিত হয়েছে লেভেল থ্রি কোর্সও। সেখানে বাংলাদেশের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস, আবদুর রাজ্জাক, রাজিন সালেহ ও হান্নান সরকারসহ ৩০ জন অংশ নিয়ে সফলভাবে কোর্স সম্পন্ন করেন। তবে এবারের লেভেল ওয়ান কোর্সটি শুধু কোচিংয়ের জ্ঞান অর্জনের জন্য নয়, বর্তমান ক্রিকেটারদের ভবিষ্যৎ ক্যারিয়ারের প্রস্তুতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বাংলাদেশের হয়ে সাতটি টেস্ট খেলা ডানহাতি পেসার কামরুল ইসলাম রাব্বি মনে করেন, খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পরও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে এই কোর্স তাকে সাহায্য করবে। বিসিবির ইনডোরে নাভিদ নেওয়াজের সঙ্গে আরেকটি সেশনে যাওয়ার আগে রাব্বি বলেন, ‘আমি মনে করি এটি খুব ভালো একটি কোর্স এবং আমরা এখান থেকে অনেক উপকৃত হব।’
আরও তিন-চার বছর ক্রিকেট খেলে যেতে চান রাব্বি। তবে কোর্স থেকে পাওয়া জ্ঞান খেলোয়াড়ি জীবনেও কাজে লাগবে বলে মনে করেন তিনি। ‘যেহেতু আমি আরও তিন বা চার বছর ক্রিকেট খেলে যেতে চাই, তাই আমি মনে করি এই কোর্স থেকে যে জ্ঞান অর্জন করব, সেটি খেলোয়াড়ি জীবনেও কাজে লাগবে। এরপরও যদি আমি ক্রীড়াঙ্গনের কোনো ক্ষেত্রে কাজ করার সিদ্ধান্ত নিই, সেটা অবশ্যই কোচ হিসেবে হতে হবে এমন নয়, খেলাধুলার সঙ্গে সম্পর্কিত যেকোনো কাজেই এই জ্ঞান কাজে আসবে।’
কোর্সে অংশ নেওয়ার মূল কারণ হিসেবে শেখার আগ্রহের কথাই জানিয়েছেন রাব্বি। তার ভাষায়, ‘কোর্সটি করার মূল কারণ হলো আরও শেখা। লেভেল ওয়ান ক্রিকেটের একটি শক্ত ভিত্তি তৈরি করে এবং মৌলিক বিষয়গুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ।’ বর্তমান ও সাবেক ক্রিকেটারদের কোচিংয়ে আগ্রহকে বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন কোর্স পরিচালনাকারী এক বিসিবি কোচও।
পাঁচ দিনের এই কোর্সে কোচিংয়ের মৌলিক বিষয়, বায়োমেকানিক্স, পরিকল্পনা ও প্রোগ্রামিং, দক্ষতা অর্জনের প্রক্রিয়া, দলীয় পরিকল্পনা, খেলোয়াড়ের টেকনিক মূল্যায়ন এবং টেকনিক্যাল দুর্বলতা সংশোধনের মতো বিষয় শেখানো হচ্ছে।
খেলার মাঠের ক্যারিয়ার শেষ হওয়ার পর কোথায় যাবেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে অনেক ক্রিকেটারকেই নতুন করে শুরু করতে হয়। বিসিবির এই উদ্যোগ সেই পথটা আগেভাগেই তৈরি করে দিচ্ছে। ব্যাট-বল থেকে কোচিং বোর্ড, ক্রিকেটারদের জন্য খুলছে ক্যারিয়ারের আরেকটি দরজা।
সময়ের আলো/প্রিন্ট/টিকে