আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৪ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২২ ফেব্রুয়ারি শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সিলেটের জন্য এই টেস্ট হতে যাচ্ছে বিশেষ এক উপলক্ষ। বাংলাদেশে ইংল্যান্ড পুরুষ দলের আন্তর্জাতিক ম্যাচ এখন পর্যন্ত হয়েছে শুধু ঢাকা ও চট্টগ্রামে। এবার তৃতীয় ভেন্যু হিসেবে ইংল্যান্ডের ম্যাচ আয়োজন করতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশে সবশেষ ২০১৬ সালে টেস্ট খেলেছিল ইংল্যান্ড। সেবার দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়। ঢাকায় দ্বিতীয় টেস্টে স্মরণীয় জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।
এরপর ২০২২ সালে বাংলাদেশ সফরে আসে ইংল্যান্ড। সে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ইংলিশরা। তবে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে ইংল্যান্ডের বিপক্ষে আগামী বছরের সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ওভালে।
সময়ের আলো/প্রিন্ট/টিকে