ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে সম্প্রতি মুক্তি পেয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটের নতুন সিরিজ ‘দ্য রেভল্যুশনারিজ’। আর এই সিরিজের মধ্য দিয়ে বেশ লম্বা একটা সময় পর ওটিটিতে ফিরেছেন আলোচিত ভারতীয় অভিনেত্রী পাওলি দাম। নিখিল আদভানি পরিচালিত এই সিরিজটিতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে রয়েছেন এই অভিনেত্রী।
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করা চার বিপ্লবীকে কেন্দ্র করে এগিয়েছে সিরিজটির মূল কাহিনি। তাদের সশস্ত্র প্রতিরোধ, আদর্শ, সাহস ও আত্মত্যাগের গল্প নিয়েই নির্মিত হয়েছে এই পিরিয়ড ড্রামা।
অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া দ্য রেভল্যুশনারিজের অন্যতম আকর্ষণ এর ব্যতিক্রমী কাস্টিং। রাসবিহারী বসুর চরিত্রে অভিনয় করেছেন ভুবন বাম। শচীন্দ্রনাথ সান্যালের ভূমিকায় রয়েছেন রোহিত সরফ। প্রতিভা লাহিড়ীর চরিত্রে দেখা গেছে প্রতিভা রান্তাকে। কিংবদন্তি বিপ্লবী বাঘা যতীনের চরিত্রে অভিনয় করেছেন গুরফতেহ পীরজাদা। আর জেনারেল ডায়ারের চরিত্রে দেখা গেছে জেসন শাহকে। এতে আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, কাশিশ সালুজাসহ আরও অনেকে।
সিরিজটি মুক্তির দিন সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের বেশ কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন পাওলি দাম। ছবিগুলোতে উঠে এসেছে দ্য রেভল্যুশনারিজের সেটের নেপথ্যের নানা দৃশ্য। আর ঐতিহাসিক সময়ের আবহে পাওলি দামের নতুন রূপ দর্শকদের মধ্যেও বেশ আগ্রহ তৈরি করেছে।
এদিকে আরেক ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে আসতে যাচ্ছে মাইথোলজিক্যাল হরর ওয়েব সিরিজ ‘কাউরীবুড়ির মন্দির’। এই সিরিজের মুখ্য চরিত্রেও অভিনয় করছেন পাওলি দাম। সঙ্গে আছেন অভিনেতা জীতু কমল, শোলাঙ্কি রায়, দেবপ্রিয় মুখোপাধ্যায় প্রমুখ। পরিচালনায় সায়ন্তন ঘোষালের পরিচালনায় এর সিনেম্যাটোগ্রাফিতে রয়েছেন সৌমিক হালদার। আসছে পূজাতেই এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/টিকে