ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে ফেরার পথে বেমালিয়া নদীতে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভুঁইয়ার ছেলে মো. দয়াল মিয়া এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে স্পিডবোটটি দ্রুতগতিতে চাতলপাড়ের দিকে ফিরে যাচ্ছিল। পথিমধ্যে ভলাকুট ইউনিয়নের খাগালিয়া এলাকার বেমালিয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি ক্ষতিগ্রস্ত হয় এবং তাতে থাকা তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম জানান, তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/জোই