মদিনায় প্রায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান পাওয়ার দাবি করেছে সৌদি আরব। দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান জানিয়েছেন, মদিনার জাবাল সায়িদ এলাকায় অনুসন্ধান ও ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে এই সম্পদের সন্ধান পাওয়া গেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সৌদি মন্ত্রীর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম এ তথ্য প্রকাশ করে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাওয়া আকরিকটিতে ভারী বিরল খনিজের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ ইউরেনিয়াম রয়েছে।
তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনার অংশ হিসেবে সৌদি আরব খনিজ ও পারমাণবিক জ্বালানি খাতে গুরুত্ব বাড়াচ্ছে। যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার আওতায় ইউরেনিয়াম উত্তোলন এবং বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়ার মধ্যেই নতুন এই আবিষ্কারের ঘোষণা এল। গত জুলাইয়ে দুই দেশ নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি সৌদির বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি করে। এর আওতায় মার্কিন কোম্পানিগুলো সৌদির পারমাণবিক জ্বালানি কর্মসূচিতে সহায়তা করার সুযোগ পাবে।
তবে ১১ কোটি টন আকরিকের মধ্যে প্রকৃত ইউরেনিয়ামের পরিমাণ কত এবং এর কতটা অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে আরও অনুসন্ধান ও মূল্যায়ন প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মধ্যপ্রাচ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যেই সৌদির এই ঘোষণা নতুন করে আঞ্চলিক ও আন্তর্জাতিক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র : রয়টার্স
সময়ের আলো/এমকে