ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠন করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সেনাবাহিনীসহ ১৬টি মন্ত্রণালয়, বিভাগ, বাহিনী ও সংস্থার কাছে অভিজ্ঞ প্রতিনিধি মনোনয়নের জন্য চিঠি পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ নম্বর ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার শূন্য আসনে আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণের জন্য গত ১০ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ‘আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটি’ গঠন করা হবে।
এ কমিটির কার্যক্রমে সহায়তার জন্য নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠন করা হবে। এ জন্য উপসচিব, মেজর বা পুলিশ সুপার সমমর্যাদার নিচে নয়—এমন অভিজ্ঞ কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে।
ইসির চিঠিতে প্রতিনিধিদের নিজ নিজ বাহিনী বা প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো, চেইন অব কমান্ড, মোতায়েনসংক্রান্ত তথ্য এবং মাঠপর্যায়ের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানে দক্ষ হতে বলা হয়েছে। পাশাপাশি মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন শনাক্ত ও মোকাবিলায় প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন কর্মকর্তাকে মনোনয়ন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেলের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট কমান্ডার মো. সাদমান রাফি (এক্স), উপ-প্রকল্প পরিচালক, মনিটরিং ও ইভ্যালুয়েশন শাখা, আইডিইএ প্রকল্প (দ্বিতীয় পর্যায়)।
ইতোমধ্যে সেনাবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, আইন ও বিচার বিভাগের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও বাহিনীকে চিঠি দেওয়া হয়েছে।
চিঠির প্রাপক তালিকায় বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র্যাব, বিটিআরসি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি এবং ডিএমপির গোয়েন্দা বিভাগও রয়েছে।
তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।
সময়ের আলো/কেএইচও