হরমুজ প্রণালির পূর্বাঞ্চলীয় আকাশসীমায় আরও একটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আল-জাজিরার খবর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আইআরজিসি জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া সামরিক তৎপরতার মধ্যে এটি ড্রোন ভূপাতিত করার দ্বিতীয় ঘটনা।
মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালি ও এর আশপাশে সাম্প্রতিক ইরানি সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি আরও একটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে ইরানের দাবি অনুযায়ী, ওই এলাকায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট চারটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত হয়েছে।
নজরদারি ও সামরিক তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত এসব ড্রোনকে ঘিরে কৌশলগত এই জলপথে উত্তেজনা আরও বাড়ছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও অন্যান্য পণ্য পরিবহন করা হয়। ফলে সেখানে সামরিক উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।
তবে ইরানের ড্রোন ভূপাতিত করার এই দাবি যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কি না, সে বিষয়ে আল-জাজিরার প্রতিবেদনে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
সময়ের আলো/ইউএমএইচ