ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্পিডবোট ও একটি স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় স্পিডবোটে থাকা আরও একজন আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মো. দয়াল মিয়া (২০) এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড়খারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া (২২)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, এক অসুস্থ রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে স্পিডবোটটি চাতলপাড়ের দিকে ফিরছিল। পথে ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে আনার পর দুজনকে পরীক্ষা করে মৃত পাওয়া যায়। আহত অপর ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজা মোস্তফা জানান, খাগালিয়া এলাকায় স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাসিরনগর থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। নিহতদের মরদেহের ময়নাতদন্ত করা হবে।
সময়ের আলো/আতা