ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মিছিল শেষে ফেরার পথে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি হায়েস গাড়ি জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাসাড়া ও সিরাজদিখান উপজেলার চালতিপাড়ার মধ্যবর্তী স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। ব্যানারসহ স্লোগান দিয়ে তারা হাইস গাড়িতে উঠে সটকে পড়ে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, মামলার তদন্ত ও গ্রেফতারের স্বার্থে আপাতত আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। মুন্সিগঞ্জ সদর এলাকায় আরও ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। শ্রীনগর থেকে আটক ১০ জনকেও মুন্সিগঞ্জে পাঠানো হবে। সেখানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন