বাড়িতে হামলার সময় অস্ত্র তাক, ‘গুলি কর’ বলার ভিডিও ভাইরাল

নোয়াখালী সংবাদদাতা

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের সময় আগ্নেয়াস্ত্র তাক করে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে

2026-09-16T11:32:00+00:00
2026-09-16T11:32:00+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাড়িতে হামলার সময় অস্ত্র তাক, ‘গুলি কর’ বলার ভিডিও ভাইরাল
নোয়াখালী সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ এএম 
সংগৃহীত ছবি
নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের সময় আগ্নেয়াস্ত্র তাক করে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক যুবককে অস্ত্র হাতে বাড়ির বাসিন্দাদের দিকে তাক করে থাকতে দেখা যায়। তার পাশে থাকা কয়েকজন লাঠি দিয়ে মারধর ও ইটপাটকেল ছুড়ে হামলা চালাচ্ছেন। এ সময় একজনকে বারবার ‘গুলি কর, গুলি কর’ বলতে শোনা যায়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের লাকুড়িয়াকান্দি পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির জায়গাজমি নিয়ে ওই এলাকার দুই ভাই মজিব উল্যাহ ও শরিফ উল্যাহর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও তা নিষ্পত্তি হয়নি।

এরই মধ্যে মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। পরে মজিব উল্যাহর পরিবারের সদস্যরা বহিরাগত লোকজন নিয়ে শরিফ উল্যাহর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ ওঠে। হামলায় লাঠির আঘাত ও ইটপাটকেলের আঘাতে শরিফ উল্যাহর পরিবারের চার সদস্য আহত হন।


স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীদের একজন আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে আসেন। তাকে অস্ত্র হাতে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় গুলি ছোড়া হয়েছে বলেও দাবি করেন তারা। তবে এতে কেউ গুলিবিদ্ধ হননি। ওই ব্যক্তিসহ হামলায় অংশ নেওয়া কয়েকজন মুখোশ পরা ছিলেন।

অমানউল্যাপুর ইউপির চেয়ারম্যান মো. বাহরুল আলম ওরফে সুমন বলেন, এক পক্ষ বহিরাগত অস্ত্রধারী লোকজন এনে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। হামলাকারীদের একজন আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে গুলি করেছেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে শরিফ উল্যাহর ছেলে মোবারক উল্যাহ বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, মো. ইসরাফিল (৩৪), মজিব উল্যাহ (৬৫) ও তোফায়েল আহমেদ (৬০)।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ইসরাফিলকে ঘটনাস্থলে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেছে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, পারিবারিক ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র উঁচিয়ে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তবে গুলি ছোড়ার বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও-ভিডিও পর্যালোচনা করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অস্ত্র হাতে থাকা প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সময়েরে আলো/জোই
  বিষয়:   বাড়িতে হামলা  অস্ত্র তাক  গুলি কর  ভিডিও ভাইরাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: