ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ, রাষ্ট্রদূতকে তলব দিল্লির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে নয়াদিল্লি।

2026-09-16T17:31:10+00:00
2026-09-16T17:31:10+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ, রাষ্ট্রদূতকে তলব দিল্লির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম 
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। ছবি : এনডিটিভি
আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে নয়াদিল্লি। ঘটনাটিতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করে এই ঘটনায় ভারতের পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। নয়াদিল্লি পাকিস্তানি নৌবাহিনীর আচরণকে অগ্রহণযোগ্য ও অপেশাদারসুলভ বলে উল্লেখ করেছে।

মন্ত্রণালয় জানায়, ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে এবং এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পাকিস্তানি নৌযানের আচরণ ১৯৯১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া, কৌশলগত অভিযান ও সেনা চলাচলের আগাম নোটিশসংক্রান্ত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন।  

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা অবলম্বন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সংশ্লিষ্ট চুক্তিগুলোর বিধান মেনে চলার নির্দেশ দিতে বলা হয়েছে। 

পাকিস্তানের কূটনীতিককে ভারতের এই বার্তা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও পৌঁছে দিতে বলা হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই ধরনের প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি কূটনীতিককে দিল্লির জনপথ কার্যালয়ে তলব করা হয় এবং তিনি সেখানে প্রায় ৩০ মিনিট অবস্থান করেন।

কীভাবে ঘটল সংঘর্ষ?

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি অভিযানে থাকা একটি ভারতীয় সামনের সারির যুদ্ধজাহাজের খুব কাছে চলে আসে পাকিস্তানি একটি নৌযান।

সূত্রগুলোর দাবি, ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে পাকিস্তানি যুদ্ধজাহাজটি ভারতীয় জাহাজটির খুব কাছ দিয়ে দ্রুতগতিতে অতিক্রম করার সময় সংঘর্ষ ঘটে। 

তাদের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানি জাহাজটি উচ্চগতিতে চলছিল এবং অনিরাপদ ও অপেশাদারসুলভভাবে গতিপথ পরিবর্তন করছিল। এর ফলে দুই জাহাজের মধ্যে ধাক্কা লাগে। 

তবে ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে সূত্রগুলো জানিয়েছে।


কোন জাহাজ জড়িত

এখনও পর্যন্ত সংঘর্ষে জড়িত দুই জাহাজের সুনির্দিষ্ট পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সূত্রের দাবি, পাকিস্তানের হুনাইন শ্রেণির করভেট শ্রেণির একটি যুদ্ধজাহাজের সঙ্গে ভারতের সামনের সারির একটি যুদ্ধজাহাজের সংঘর্ষ হয়েছে।

ঘটনার সময় সমুদ্র ছিল উত্তাল। পরে দুই জাহাজকেই পরস্পর থেকে দূরে সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। এটি ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর জাহাজের মধ্যে এ ধরনের দ্বিতীয় ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এর আগে, ২০১১ সালের জুনে পাকিস্তানি নৌবাহিনীর বাবর এবং ভারতীয় নৌবাহিনীর আইএনএস গোদাবরী একই ধরনের একটি ঘটনায় জড়িয়েছিল।

সূত্র :  এনডিটিভি 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ভারত  পাকিস্তান  যুদ্ধজাহাজ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: