দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে যোগ হলো নতুন এক পরিচয়। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২৬-২৭ মৌসুম শুরুর আগে দেশের আট বিভাগের অধিনায়কের মাথায় পরিয়ে দেওয়া হয়েছে ব্যাগি ক্যাপ। সাবেক ক্রিকেটারদের হাতেই অধিনায়কদের মাথায় ওঠে এই বিশেষ ক্যাপ।
ব্যাগি ক্যাপ মূলত টেস্ট ক্রিকেটের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা একটি প্রতীক। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এমন উদ্যোগকে ঘরোয়া ক্রিকেটের মর্যাদা ও সংস্কৃতির দিক থেকে তাৎপর্যপূর্ণ বলছেন ক্রিকেটাররা।
খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুনও ব্যাগি ক্যাপ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার মতে, ক্যাপের রং নয়, এর সঙ্গে তৈরি হওয়া পরিচয়টাই গুরুত্বপূর্ণ।
মিঠুন বলেন, ‘আমরা ঘরোয়া ক্রিকেট খেলিই তো আন্তর্জাতিক ক্রিকেটে প্রভাব রাখার জন্য। টেস্টের কারণেই যেহেতু প্রথম শ্রেণির ক্রিকেট খেলাটা আসছে, ব্যাগি ক্যাপটা আপনারা জানেন, টেস্টের একটা প্রতীক। এখানে রঙটা ম্যাটার করে না। আমরা যে রঙই পেয়েছি, সেটাকেই আমরা ওউন করব। অন্তত আমরা জানতে পারলাম, আমাদের একটা রঙ আছে। এটাকে ওউন করা খুব গুরুত্বপূর্ণ।’
প্রথম শ্রেণির ক্রিকেটের মান উন্নত হলে টেস্ট ক্রিকেটও উপকৃত হবে বলে মনে করেন মিঠুন। এতদিন কথায় কথায় এই বিষয়টি বলা হলেও এবার সেটির বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছেন বলে জানান তিনি।
তার ভাষায়, ‘যে দেশের প্রথম শ্রেণির ক্রিকেট যত ভালো, সেই দেশের টেস্ট ক্রিকেট তত ভালো। এটা শুধু মুখে মুখেই এতদিন হয়েছে। সেটার মানদণ্ড যেরকম হওয়া উচিত, সেটা কখনোই হয়নি। কিন্তু এবার হচ্ছে। এজন্য খেলোয়াড়রা সবাই খুশি।’
সম্প্রতি ‘এ’ দলের হয়ে খেলার সুযোগ নিয়েও কথা বলেন মিঠুন। তিন ম্যাচের সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় সেখানে খেলার সুযোগ তৈরি হয়নি বলে জানান তিনি।
মিঠুন বলেন, ‘অবশ্যই, খেলতে পারলে তো ভালো হতো। আপনারা জানেন, ওইখানে তিনটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচই কিন্তু হয়নি। হয়তো সবগুলো ম্যাচ হলে সুযোগ আসতে পারত। যেহেতু ম্যাচ হয়নি, সেটা নিয়ে কথা বলার মতো আসলে কিছু নেই।’
চার দিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম। আগামী ৩ অক্টোবর দেশের চার ভেন্যুতে একসঙ্গে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের প্রথম ধাপ।
আট বিভাগীয় দল নিয়ে আয়োজিত এই প্রথম শ্রেণির প্রতিযোগিতা চলবে প্রায় দুই মাস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে মোট চারটি ম্যাচ। শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে আগামী ১৭ নভেম্বর পর্দা নামবে এবারের এনসিএলের।
উদ্বোধনী রাউন্ডে মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খেলবে খুলনা ও বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে সিলেট ও ময়মনসিংহ। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে লড়বে চট্টগ্রাম ও রাজশাহী।
সময়ের আলো/টিকে