বরিশালের হিজলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহতদের উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হলেন বিল্লাল হোসেন খোকন (২৫), জয়নাল দেওয়ান (৫০), খলিল দেওয়ান (৪৫) ও বিপুলি বেগম ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন জমির দখল ও মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিসি বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করা হয়। তবে সালিসের সিদ্ধান্ত অমান্য করে পুনরায় জমি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।
ভুক্তভোগী জব্বার আকন জানান, প্রতিপক্ষ জয়নাল দেওয়ান ও খলিল দেওয়ানসহ গংরা জামায়াত ইসলামী নেতা। তারা জোরপূর্বক আমাদের বিরোধীয় জমিতে বেড়া নির্মাণ করে। পরে পুলিশের হস্তক্ষেপে সালিসদার গণ শান্তি শৃঙ্খলা রক্ষায় বেড়া খুলে দেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে কাগজপত্র পর্যালোচনা করে জমি নির্ধারণ বেড়া নির্মাণের নির্দেশ দেন।
তিনি বলেন, ঘটনার দিন জয়নাল দেওয়ানকে আমাদের জমিতে দেওয়া বেড়া খুলতে বললে আমাকে দৌড়ানি দেয়। আমার ছেলে বিল্লাল হোসেন বাঁধা দিলে তাকে কুপিয়ে জখম করে। পাল্টা অভিযোগ করে জয়নাল দেওয়ান (৫০) বলেন, আমরা আমাদের জমিতে বেড়া নির্মাণ করেছি। জব্বার আকন ও তার ছেলে আমাদের উপর হামলা হামলা চালায়।
সাবেক দুই ইউপি সদস্য হানিফ দেওয়ান ও রিপন খানের উপস্থিতিতে সালিসি বৈঠকে সিদ্ধান্ত হয়, বিরোধী সম্পত্তি নিষ্পত্তি করার লক্ষে জয়নাল দেওয়ান গংদের দেওয়া জমিতে বেড়া নির্মাণ খুলে দেবে। পরবর্তীতে কাগজপত্র পর্যালোচনা করে জমির পরিমাপ নির্ধারণ করে বেড়া নির্মাণ করবেন। হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তারা।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে উভয়পক্ষ থেকে জানা গেছে ।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, সংঘর্ষের ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই পক্ষ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সময়ের আলো/এনএন