ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের ঘটনা নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের বর্ণনাকে ‘হলিউডের সিনেমার মতো গল্প’ বলে কটাক্ষ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেন, এ ধরনের সাজানো গল্প যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বদলাতে পারবে না।
মার্কিন সংবাদমাধ্যমে প্রচারিত ওই উদ্ধার অভিযানের বর্ণনার প্রতিক্রিয়ায় মোহেবি বলেন, আমেরিকার হলিউডধাঁচের গল্প উপস্থাপনের অভ্যাস রয়েছে।
তিনি দাবি করেন, যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজের কল্পনায় বারবার জয়ী হয়েছেন এবং ইরানকে পরাজিত করেছেন বলে প্রচার করা হয়েছে।
মোহেবির ভাষ্য, নিজেদের পরাজয় আড়াল করতে মার্কিন পক্ষ বিভিন্ন ঘটনা ও স্থানের চলচ্চিত্রের দৃশ্য একত্র করে এ ধরনের গল্প তৈরি করছে।
এফ-১৫ বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশের দাবি
আইআরজিসির এই মুখপাত্র আরও দাবি করেন, মার্কিন পাইলট উদ্ধারের ওই বর্ণনা প্রকাশের সময় কিছু সংবাদমাধ্যমে একটি এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সংগ্রহ করে ঠেলাগাড়িতে করে নিয়ে যাওয়ার ছবি প্রকাশ করা হয়।
তিনি বলেন, এসব ঘটনার মাধ্যমে বাস্তবতার বদলে ভিন্ন ধরনের বর্ণনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
মোহেবি বলেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত, এ ধরনের গল্প তৈরি করার কৌশল এখন পুরোনো হয়ে গেছে এবং এটি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা পরিবর্তন করতে পারবে না।
মার্কিন পাইলটের উদ্ধার নিয়ে যে দাবি
এর আগে মার্কিন সংবাদমাধ্যমে ইরানের আকাশে এপ্রিলে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের ঘটনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার করা হয়।
‘ব্রাভো’ কলসাইন ব্যবহারকারী ওই মার্কিন বিমানসেনা সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে সাক্ষাৎকারে উদ্ধার অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কঠিন অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।
মার্কিন পক্ষের বর্ণনায় ঘটনাটিকে একটি জটিল ও সমন্বিত উদ্ধার অভিযান হিসেবে তুলে ধরা হয়। তবে আইআরজিসি সেই বর্ণনাকে প্রত্যাখ্যান করে এটিকে বাস্তবতার পরিবর্তে ‘হলিউডধাঁচের’ কাহিনি হিসেবে আখ্যায়িত করেছে।
তবে দুই পক্ষের দাবির মধ্যে পার্থক্য থাকায় উদ্ধার অভিযান ও যুদ্ধবিমানের ধ্বংসের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য সীমিত।
সময়ের আলো/ইউএমএইচ