২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে গত ৮ সেপ্টেম্বর। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের বিজয়ীর নাম। এরই মধ্যে শুরু হয়েছে সম্ভাব্য বিজয়ী নিয়ে আলোচনা।
কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল, ওসমানে দেম্বেলেদের সঙ্গে আলোচনায় আছেন লিওনেল মেসিও। তবে মেসির নামটি সবচেয়ে জোরালোভাবে উচ্চারণ করেছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। এমবাপ্পে বা ইয়ামাল নয়, এবারের ব্যালন ডি’অর মেসিরই প্রাপ্য বলে মনে করেন আর্জেন্টাইন এই কোচ।
ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচের আগে সিমিওনেকে প্রশ্ন করা হয়েছিল, এবারের ব্যালন ডি’অর কে জিততে পারেন। উত্তরে তিনি সরাসরি বলেন, ‘মেসি। এ নিয়ে কোনো দ্বিধা নেই। ৩৯ বছর বয়সেও বিশ্বকাপে মেসির পারফরম্যান্স দেখার পর এ নিয়ে সন্দেহ থাকার কথা নয়।’
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মেসির। শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। তবে পুরো টুর্নামেন্টে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। বিশ্বকাপে মেসি করেন ৮ গোল, সঙ্গে ছিল ৪টি অ্যাসিস্ট।
বিশ্বকাপ শেষ হওয়ার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তবে আর্জেন্টিনার জার্সিতে তার আনুষ্ঠানিক বিদায় এখনো বাকি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসে বেনিনের বিপক্ষে ম্যাচে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে।
২০২৬ সালের ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসির পাশাপাশি রয়েছেন এমবাপ্পে, ইয়ামাল, গতবারের বিজয়ী ওসমানে দেম্বেলে, হ্যারি কেন ও জুড বেলিংহ্যামের মতো তারকারা।
মেসি শেষবার ব্যালন ডি’অর জিতেছিলেন ২০২৩ সালে। সেটি ছিল তার ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর। এবারও পুরস্কারটি জিতলে রেকর্ডটি আরও সমৃদ্ধ হবে—সংখ্যাটি দাঁড়াবে নয়টিতে।
সময়ের আলো/টিকে