গাজীপুরের কালিয়াকৈরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হলেও চলতি মাসের কয়েকদিনেই ভর্তি হয়েছেন আরও ৪৭ জন। সব মিলিয়ে গত মাস থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন ডেঙ্গু রোগী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) সকালে হাসপাতালে গিয়ে এমনি চিত্র দেখা যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসা নিয়ে ইতোমধ্যে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
ডা. সাদিয়া তাসমিন মুনমুন জানান, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমে থাকলে তা অপসারণের আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।
সময়ের আলো/জোই