আগামী ২৪ সেপ্টেম্বরের পর নিবন্ধনের মেয়াদ আর কোনোভাবেই বাড়ানো হবে না। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে ২০২৭ সালের হজ নিবন্ধন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করা হয়।
ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী গত ২৭ জুলাই থেকে চলতি বছরের হজ নিবন্ধন শুরু হয়েছে। ২০২৭ সালের হজের জন্য বাংলাদেশের অনুকূলে মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা বরাদ্দ থাকলেও গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৩ হাজার ৭৪১ জন যাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৬৭৬ জন।
নিবন্ধন প্রক্রিয়া দ্রুত ও নিরবচ্ছিন্ন করতে গমনেচ্ছু যাত্রী এবং অনুমোদনপ্রাপ্ত হজ এজেন্সিগুলোকে নির্ধারিত সময়সীমা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। ২৪ সেপ্টেম্বর প্রাথমিক নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পরপরই চূড়ান্ত হজযাত্রীর তালিকা সৌদি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
চূড়ান্ত হজযাত্রীর সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান, হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে।
নিবন্ধন ও হজসংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।
সময়ের আলো/জেকিউএফ