বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি রাঙামাটি ভ্রমণের একাধিক রঙিন ও নান্দনিক মুহূর্ত ক্যামেরাবন্দি করে সামাজিক মাধ্যমে অনুরাগী ও ভক্তদের মাঝে শেয়ার করেছেন। পাহাড় ও কাপ্তাই লেকের কূল ঘেঁষা প্রকৃতির অপার সৌন্দর্য, নীল জলের বুকে নৌকার দুলুনি আর নির্মল বাতাসে নিজেকে হারিয়ে ফেলার অনুভূতি প্রকাশ করে বার্তা দিয়েছেন এই তারকা।
সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবির ক্যাপশনে প্রকৃতিতে বুঁদ হয়ে থাকার অনুভূতি ব্যক্ত করে প্রভা লেখেন, ‘পাহাড়, লেক, একটি সুন্দর নৌকা, আমাদের খুনসুটি আর একটু জাদুর মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। রাঙামাটি ছিল ভীষণ সুন্দর।’
ছবির মাধ্যমে তিনি তুলে ধরেছেন কীভাবে পাহাড়ের সবুজ ও লেকের নীল জলের মেলবন্ধনে ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করা যায়।
প্রভার রাঙামাটির এই মায়াবী রূপ ও ভ্রমণের দৃশ্যপট যেন দেশবরেণ্য শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া কালজয়ী গান ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো’-এর আবহ তৈরি করেছে। কাপ্তাই লেক ও পাহাড়ি সংস্কৃতির সাথে মেলবন্ধন তৈরি করা প্রভার এসব ছবি নেটিজেনদের প্রশংসায় ভাসছে।
সময়ের আলো/জেডি