শেয়ারধারক কোম্পানির পরিচালকেও শর্ত, ব্যাংকের মালিকানা কাঠামোয় কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ব্যাংক-কোম্পানির মালিকানা কাঠামো এবং পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, কোনো

2026-09-17T22:48:23+00:00
2026-09-17T22:48:23+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
শেয়ারধারক কোম্পানির পরিচালকেও শর্ত, ব্যাংকের মালিকানা কাঠামোয় কড়াকড়ি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ পিএম 
বাংলাদেশ ব্যাংক। সংগৃহীত ছবি
ব্যাংক-কোম্পানির মালিকানা কাঠামো এবং পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি তার নিট সম্পদের পরিমাণের বেশি মূল্যের শেয়ার কোনো একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না। নির্ধারিত সীমার বেশি শেয়ার আগে থেকেই কারও হাতে থাকলে ছয় মাসের মধ্যে তা বিক্রি করে সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।

একই সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক মনোনয়নের শর্তও কঠোর করা হয়েছে। প্রতিনিধি পরিচালক হতে হলে সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হওয়ার পাশাপাশি ওই কোম্পানিতে নিজের নামেও নির্দিষ্ট পরিমাণ শেয়ার থাকতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নতুন নির্দেশনা অনুসরণের জন্য বলা হয়েছে।  

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানির মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি শেয়ারধারক কোম্পানির আর্থিক সক্ষমতার তুলনায় অতিরিক্ত বিনিয়োগের সুযোগ সীমিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির প্রতিনিধিত্বে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।   

নতুন নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি তার নিট সম্পদের পরিমাণের বেশি মূল্যের শেয়ার কোনো একক ব্যাংক-কোম্পানি বা একাধিক ব্যাংক-কোম্পানিতে সম্মিলিতভাবে ধারণ করতে পারবে না। কোনো কোম্পানির হাতে বর্তমানে নির্ধারিত সীমার বেশি ব্যাংক-কোম্পানির শেয়ার থাকলে সার্কুলার জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে অতিরিক্ত শেয়ার বিক্রি করতে হবে। 

অর্থাৎ, কোনো কোম্পানি তার আর্থিক সক্ষমতার তুলনায় অতিরিক্ত অর্থ ব্যাংকের মালিকানায় বিনিয়োগ করে রাখতে পারবে না। এতে শেয়ারধারক প্রতিষ্ঠানের নিজস্ব সম্পদ ও ব্যাংকে তার বিনিয়োগের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার বাধ্যবাধকতা তৈরি হয়েছে। 


অন্যদিকে, ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক নিয়োগের ক্ষেত্রেও নতুন যোগ্যতা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই ওই শেয়ারধারক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অথবা পরিচালক হতে হবে। পাশাপাশি তার নিজের নামেও ওই কোম্পানির নির্দিষ্ট পরিমাণ শেয়ার থাকতে হবে। 

তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রতিনিধি পরিচালকের নিজের নামে সংশ্লিষ্ট কোম্পানির পরিশোধিত মূলধনের অন্তত ২ শতাংশ শেয়ার থাকতে হবে। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে নিজের নামে ন্যূনতম ২০ শতাংশ শেয়ার রাখার শর্ত দেওয়া হয়েছে। প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পুরো সময় এই শেয়ার মালিকানা বজায় রাখতে হবে। 

এ ছাড়া শেয়ারধারক কোম্পানির পক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রতিনিধি পরিচালক নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তনের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। অনুমোদনের জন্য আবেদন করার সময় মনোনীত ব্যক্তির সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানিতে প্রয়োজনীয় শেয়ার মালিকানা রয়েছে—এমন প্রমাণপত্রও দাখিল করতে হবে। 

সার্কুলার জারির আগে যেসব প্রতিনিধি পরিচালক শেয়ারধারক কোম্পানির পক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করছেন, তাদের পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নির্দেশনা কার্যকর হবে। 

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নতুন নির্দেশনার বিষয়গুলো পরিচালকদের অবগতির জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপন করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা ও শেয়ারধারকদেরও এ বিষয়ে অবহিত করতে হবে।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে। সার্কুলার জারির দিন থেকেই নতুন নির্দেশনাগুলো কার্যকর হয়েছে। 


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   ব্যাংক-কোম্পানি  শেয়ারধারক 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: