আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু করা বাঁহাতি এই ব্যাটার সেঞ্চুরি পূর্ণ করেছেন মাত্র ৩০ বলে। এটি তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় শতক।
অভিষেকের এই বিধ্বংসী সেঞ্চুরিতে গড়েছে বিশ্বরেকর্ডও। টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন ভারতের এই ওপেনার।
এর আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের দখলে। চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। একই গতিতে শতক করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও। তবে তার ৩৩ বলে সেঞ্চুরিটি এসেছিল গাম্বিয়ার বিপক্ষে। গাম্বিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় টেস্ট খেলুড়ে দেশগুলোর হিসাবের বাইরে থাকছে সেই ইনিংস।
অবশ্য সহযোগী দেশগুলোকেও হিসাবের মধ্যে রাখলে অভিষেকের ৩০ বলে সেঞ্চুরি তৃতীয় দ্রুততম। এই তালিকায় সবার ওপরে এস্তোনিয়ার সাহিল চৌহান। সাইপ্রাসের বিপক্ষে মাত্র ২৭ বলে শতক করেছিলেন তিনি। এরপরই রয়েছেন তুরস্কের মুহাম্মদ ফাহাদ, যিনি বুলগেরিয়ার বিপক্ষে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।
তবে সেঞ্চুরি পূরণের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি অভিষেক। শতক পূর্ণ করার পর আরও মাত্র চার বল খেলেই আউট হয়ে যান তিনি। তার ৩৪ বলের ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছক্কা। শেষ পর্যন্ত ১০৮ রান করে থামেন এই ভারতীয় ওপেনার।
সময়ের আলো/টিকে