ইয়েমেনের দুই প্রদেশে ইয়েমেনি সেনাবাহিনী ও সৌদি বিমানবাহিনীর মধ্যকার সংঘাতে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৩ জন নিহত হয়েছে। সেনাবাহিনী এবং হুথি গোষ্ঠী উভয়পক্ষের সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
ইয়েমেনি সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, দেশটির দুই দক্ষিণাঞ্চলীয় প্রদেশে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে হুথি সূত্রের দাবি, সৌদি বিমান হামলা ও ইয়েমেনি সেনাদের সঙ্গে সংঘর্ষে ৪০ হুথি যোদ্ধা নিহত হয়েছেন।
আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরবের সঙ্গে হুথিদের উত্তেজনা তীব্র হয়েছে। এর মধ্যে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুথিরা। গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবিও করে গোষ্ঠীটি।
গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান পরিচালনা করছে সৌদি আরব। হুথি বিদ্রোহীদের তথ্য অনুযায়ী রোববারের আগ পর্যন্ত ১৩০টিরও বেশি বিমান অভিযান পরিচালনা করেছে সৌদি বিমানবাহিনী।
গত ১৬ সেপ্টেম্বর সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুথি বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে একটি গোষ্ঠী।
হুথিদের দমন করতে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সামরিক সহযোগিতা চেয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। জবাবে, ইরানের সঙ্গে যুদ্ধ চলার কারণে এই মুহূর্তে সৌদিকে মার্কিন সামরিক সহযোগিতা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ট্রাম্প।
সময়ের আলো/জেকিউএফ