মন্ত্রিসভায় অনুমোদনের পর নতুন পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এগোচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তুত করা খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। ভেটিং শেষ হলে বিজি প্রেস থেকে মূল গেজেট ও সংশ্লিষ্ট এসআরও জারি করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর জন্য ৫ থেকে ৭টি পৃথক এসআরও জারি হতে পারে। এর আওতায় বেসামরিক সরকারি কর্মচারী, পুলিশ, বিজিবি, সশস্ত্র বাহিনী, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস থাকবে।
নতুন কাঠামো কার্যকর করতে সরকারি বেতন ব্যবস্থাপনার সফটওয়্যার ‘আইবাস++’-এও প্রয়োজনীয় পরিবর্তন করা হচ্ছে। এতে বেতন পুনর্নির্ধারণের পাশাপাশি অবসর নেওয়া প্রায় সোয়া ৯ লাখ কর্মকর্তা-কর্মচারীর তথ্য ও পেনশনের হিসাব সমন্বয় করা হবে।
নতুন পে স্কেলে ২০টি গ্রেডই থাকছে। ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের বেতন ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।
নতুন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও মূল বেতন ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
সরকারি হিসাবে, নতুন কাঠামোয় প্রায় ২৪ লাখ কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সোয়া ৯ লাখ পেনশনভোগী উপকৃত হবেন। গেজেট প্রকাশের পর বেতন ফিক্সেশন ও বকেয়া সমন্বয়ের প্রক্রিয়া শুরু হবে।
সময়ের আলো/এমকে