রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে এক ব্যাটারি চালিত রিকশা চালক আহত হয়েছে।
শুক্রবার (১৮সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ি থানার সামনে সিগন্যালে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ইবাদুর রহমান জানান, তিনি ব্যাটারি চালিত রিকশা চালক। সন্ধ্যার দিকে যাত্রাবাড়ি এলাকায় রিকশা চালাচ্ছিলেন। ঘটনার সময় তিনি রিকশা নিয়ে যাত্রাবাড়ি থানার সামনে চৌরাস্তায় সিগন্যালে ছিলেন। এসময় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরন হয়। এতে ককটেলের স্প্লিন্টার তার কোমড়ের পিছনে লাগে। এরপর দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে চলে আসেন। তার বাসা রাজধানীর মুগদার মান্ডা এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরদর্শক) মো. হাবিবুর রহমান জানান, যাত্রাবাড়ি এলাকা থেকে ককটেল বিস্ফোরণে এক রিকশা চালক আহত হয়ে হাসপাতালে এসেছে। তার কোমড়ের পিছনের দিকে স্পিলিন্টারের আঘাত রয়েছে। বিষয়টি যাত্রাবাড়ি থানা পুলিশ তদন্ত করছে।
সময়ের আলো/জেডি