ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে নিচে ঢুকে পড়ে প্রাণ হারিয়েছেন মো. খালিদ হোসেন (২৪) নামে এক পুলিশ কনস্টেবল। এ ঘটনায় রবিউল (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কের পাড়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার দুপুরের দিকে এই তথ্য নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
তিনি বলেন, এ ঘটনাটি জেনে পরিবারের সঙ্গে কথা হয়েছে। পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়। মরদেহ দাফন হয়েছে।
নিহত খালিদ হোসেন ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের ছোট বাঙালপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। তিনি গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে গাজীপুর ফিরছিলেন খালিদ। পথে ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কের পাড়াগ্রাম এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সময়ের আলো/আতা