ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয় বলে হুথি নেতাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।
গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান শুরু করেছে সৌদি আরব। ইরানের মদতপুষ্ট এই ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর নেতারা জানিয়েছেন, গত কয়েক দিনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং গোষ্ঠীটির বিভিন্ন সামরিক ও লজিস্টিক স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান অভিযান অতিমাত্রায় বাড়িয়েছে সৌদি আরব। ১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর ৭ দিনে সৌদি বিমান বাহিনী প্রায় ৩০০টি অভিযান পরিচালনা করেছে বলেও উল্লেখ করেছেন হুথি নেতারা।
১৬ সেপ্টেম্বর সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুথি বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত বিমানটির ভিডিও পোস্ট করেছে গোষ্ঠীটি। সেখানে দেখা গেছে, ভূপাতিত একটি সৌদি যুদ্ধবিমানের চারপাশে জড়ো হয়েছেন হুথি যোদ্ধারা এবং সবাই উচ্চকণ্ঠে একযোগে বলছেন, ‘আল্লাহু আকবার’।
উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী বাব এল মান্দেব প্রণালি দখল করেছে হুথি যোদ্ধারা, যা সৌদির জন্য বড় দুঃসংবাদ। কারণ, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাব এল মান্দেব প্রণালি দিয়ে এত দিন নিজেদের অধিকাংশ জ্বালানি তেল রফতানি করে আসছিল সৌদি আরব।
সূত্র : এএফপি
সময়ের আলো/মহু