প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:২৯ এএম
সংগৃহীত ছবিযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ভোটার তালিকা ও কারা ভোট দিয়েছেন, সেই রেকর্ড পর্যালোচনা করবে ট্রাম্প প্রশাসন। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সচিব মার্কওয়েন মুলিন এ কথা জানিয়েছেন।
ফক্স নিউজকে দেওয়া এক বক্তব্যে প্রশাসন অবৈধ ভোট ঠেকাতে পদক্ষেপ নেবে বলে জানান মুলিন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যদি আপনি অবৈধভাবে ভোট দেন, আমরা আপনাকে খুঁজে বের করব।’
মুলিন আরও বলেন, অবৈধভাবে ভোটার নিবন্ধন ও ভোট দেওয়ার জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানার মতো কঠোর শাস্তির বিধান রয়েছে।
তার ভাষায়, ‘শুধুমাত্র আমেরিকানদেরই আমেরিকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
এদিকে অনাগরিকদের অবৈধ ভোট দেওয়ার অভিযোগ তুলে ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ব্যালট বাতিলের আবেদন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সোমবার সেই আবেদন নাকচ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
সময়ের আলো/কেএইচও