প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৪১ পিএম
সংগৃহীত ছবিভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিরোধীদের দেশবিরোধী আখ্যা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেছেন, কে দেশদ্রোহী এবং কার সঙ্গে বিদেশি শক্তির যোগাযোগ রয়েছে, তা প্রকাশ্য বিতর্কের মাধ্যমে পরিষ্কার হওয়া উচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী জানান, মোদিকে চ্যালেঞ্জ জানানোর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো সাড়া পাননি তিনি। বিতর্কের জন্য প্রধানমন্ত্রীকে যেকোনো মঞ্চ বা স্থান বেছে নেওয়ার আহ্বানও জানিয়েছেন রাহুল।
তার প্রস্তাব, বিতর্কে দুই নেতা মুখোমুখি বসবেন। সেখানে উপস্থিত থাকবেন সংবাদমাধ্যমের প্রতিনিধি ও দেশের তরুণরা। বিচারক হিসেবে প্রধানমন্ত্রী নিজের পছন্দমতো যে কাউকে মনোনীত করতে পারবেন। এমনকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতকেও বিচারক করার প্রস্তাব দিয়েছেন তিনি।
রাহুল জানান, বিতর্কে ভারতের আর্থিক ব্যবস্থা ও অর্থনৈতিক কাঠামো নিয়ে প্রশ্ন তুলবেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কীভাবে এবং কেন এত দ্রুত করা হলো, প্রধানমন্ত্রী কেন এককভাবে চুক্তি করলেন এবং মন্ত্রিসভাকে কেন এ বিষয়ে জানানো হয়নি— এসব প্রশ্নের জবাব চান তিনি।
এ ছাড়া আদানি-সংক্রান্ত মামলা কেন বন্ধ হয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়েও প্রকাশ্যে আলোচনা করতে চান রাহুল।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে। এসব অভিযোগের সত্যতা প্রকাশ্য বিতর্কের মাধ্যমেই যাচাই করা উচিত।
রাহুলের দাবি, তার বিরুদ্ধে প্রায় ৪৫টি মানহানির মামলা করা হয়েছে। তবে বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগ নিয়ে বিতর্কের চ্যালেঞ্জ জানানোর পরও এ বিষয়ে তার বিরুদ্ধে কোনো মানহানির মামলা করা হয়নি বলে মন্তব্য করেন তিনি।
সময়ের আলো/ইউএমএইচ