বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন, কর্মস্থলের নিয়ম, সাইবার আইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মানামার দূতাবাস থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত ছবি, ভিডিও ও তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা মানতে হবে। অপরিচিত ব্যক্তি, সন্দেহজনক লিংক, ফাইল ও বার্তা থেকে সতর্ক থাকার পাশাপাশি ফিশিং ও অনলাইন প্রতারণা এড়িয়ে চলতে বলা হয়েছে।
সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো কনটেন্ট শেয়ার, লাইক বা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে গুজব, ভুয়া তথ্য, বিদ্বেষমূলক বক্তব্য এবং ধর্মীয় বা জাতিগত উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন পোস্ট থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ইসরায়েল-ফিলিস্তিন ও ইরান-ইসরায়েলসহ আন্তর্জাতিক সংঘাত নিয়ে বাহরাইনের আইন লঙ্ঘন করতে পারে এমন উসকানিমূলক পোস্ট প্রচার না করার কথাও জানিয়েছে দূতাবাস। নিষিদ্ধ রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ নেওয়া এবং যাচাই ছাড়া ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অর্থ দেওয়ার ব্যাপারেও সতর্ক করা হয়েছে।
এ ছাড়া বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা, কর্মস্থল ও নিরাপত্তা-সংশ্লিষ্ট স্থানের ছবি বা ভিডিও ধারণ ও প্রকাশ না করতে বলা হয়েছে। পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক তথ্যের মতো ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভুয়া চাকরি, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি প্রতারণা থেকেও সতর্ক থাকতে বলেছে দূতাবাস।
সময়ের আলো/এমকে