মানিকগঞ্জে বন্ধ ঘরের দরজা ভেঙে স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছরের কন্যা সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, স্ত্রী ও কন্যা সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি ঘোনা পাড়ায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
মৃত ব্যক্তিরা হলেন- জান্নাকান্দি গ্রামের আকরাম হোসেন (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২৪) এবং দেড় বছরের মেয়ে আলিজা আক্তার।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সৌদি আরব প্রবাসী আকরাম হোসেন মাস তিনেক আগে দেশে আসেন। মা, ভাই ও ভাবিসহ আকরামের পরিবার একই বাড়িতে থাকতেন।
শুক্রবার রাতে আকরাম হোসেন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। শনিবার অনেক বেলা পর্যন্ত তারা ঘরের দরজা খোলেননি। আকরামের মা দরজার ফাঁকা দিয়ে দেখেন, তার ছেলে ঝুলে আছে। তার চিৎকার শুনে স্থানীরা এগিয়ে আসেন। ঘরের দরজা ভাঙার পর ভেতরে আকরামকে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। স্ত্রী প্রিয়াংকার মুখে আঘাতের রক্তাক্ত চিহ্ন দেখা যায়। অন্যদিকে, শিশুর শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির হোসেন বলেন, ‘তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
সময়ের আলো/মহু