সাইবার নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ের একটি পরীক্ষায় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনি ইন্টারনেট ব্যবহার করে তিনটি প্রতিষ্ঠানের সুরক্ষিত সিস্টেমে প্রবেশ করেছে। গুগলের এআই ব্যবস্থার স্বয়ংক্রিয়ভাবে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার এটিই প্রথম প্রকাশ্যে আসা ঘটনা বলে জানা গেছে।
গত মে মাসে স্বাধীন সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ইরেগুলারের পরিচালিত একটি পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।
গুগলের নিরাপত্তা প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিনস বলেন, নিয়মিত নিরাপত্তা মূল্যায়নের অংশ হিসেবে জেমিনি ইন্টারনেট থেকে প্রকাশ্য তথ্য সংগ্রহ করে পরীক্ষার আওতাভুক্ত বলে মনে করা তিনটি ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করে। এ সময় মডেলটি অনুমান করে কিছু লগইন তথ্যও ব্যবহার করে।
তিনি বলেন, সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়েছে এবং পরীক্ষার পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে প্রশিক্ষণ অংশীদারের সঙ্গে কাজ করা হয়েছে। শক্তিশালী এআই মডেলকে দায়িত্বশীলভাবে কাজ করার প্রশিক্ষণ দেওয়ার গুরুত্বও তুলে ধরেন তিনি।
ইরেগুলারের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় এমন একটি সমস্যার সম্পৃক্ততা ছিল, যা অন্য কয়েকটি এআই গবেষণাগারেও দেখা গেছে। জুলাইয়ের শেষ দিকে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়। তাদের দিক থেকে চিহ্নিত সব সমস্যাই কয়েক সপ্তাহ আগে সমাধান করা হয়েছে বলেও জানান তিনি।
ইরেগুলারের সঙ্গে সংশ্লিষ্ট একই ধরনের ঘটনায় মেটা, অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের নামও এসেছে। মেটা আগস্টে জানিয়েছিল, তাদের ঘটনায় কোনো স্যান্ডবক্স নিরাপত্তা ভাঙা বা জটিল সাইবার হামলার ঘটনা ঘটেনি। ইরেগুলার জানিয়েছে, এআইয়ের সাইবার নিরাপত্তা মূল্যায়ন আরও নিরাপদভাবে পরিচালনার জন্য কার্যকর পদ্ধতি তৈরিতে কাজ করছে তারা।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি ঘটনার একটিতে জেমিনি বারবার পাসওয়ার্ড অনুমান করে একটি সুরক্ষিত সিস্টেমে প্রবেশের চেষ্টা করে। অন্য দুটি ঘটনায় একটি পাবলিক রিপোজিটরিতে পাওয়া লগইন তথ্য ব্যবহার করে সুরক্ষিত সিস্টেমে প্রবেশের সুযোগ পায়।
তবে হিদার অ্যাডকিনস জানিয়েছেন, তিনটি ঘটনাতেই জেমিনি শেষ পর্যন্ত নিজে থেকেই ওই কার্যক্রম বন্ধ করে দেয়।
ইন্টারনেট ও কম্পিউটার সিস্টেমে এআই এজেন্টগুলোর স্বায়ত্তশাসন বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের ঘটনায় তাদের জন্য কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সময়ের আলো/জেডি