ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সরাসরি পেইজের লাইক বাড়ানোর পুরনো সুবিধা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। গত সপ্তাহ থেকে অনেক বিজ্ঞাপনদাতার ফেসবুক অ্যাডস ম্যানেজারে ‘পেইজ লাইকস’ নামে পারফরম্যান্স গোল দেখা গেলেও সেটি নির্বাচন করে বিজ্ঞাপন চালানো যাচ্ছে না। এর পরিবর্তে ‘ম্যাক্সিমাইজ নাম্বার অব ফেসবুক পেইজ ভিজিটস’ নামে নতুন একটি পারফরম্যান্স গোল দেখানো হচ্ছে।
তবে, ফেসবুক বা এর মূল প্রতিষ্ঠান মেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি যে ‘পেইজ লাইকস’ বিজ্ঞাপন সুবিধা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এটি স্থায়ী পরিবর্তন, ধাপে ধাপে নতুন ব্যবস্থা চালু করার অংশ, নাকি কোনো কারিগরি সমস্যার কারণে এমনটি হচ্ছে- তা এখনো নিশ্চিত নয়।
বিভিন্ন দেশের বিজ্ঞাপনদাতা ও ডিজিটাল মার্কেটিংকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নিজেদের অভিজ্ঞতা জানাচ্ছেন। কেউ কেউ বলছেন, তাদের অ্যাকাউন্টে ‘পেইজ লাইকস’ অপশনটি আর কাজ করছে না। আবার অন্যদের ক্ষেত্রে পুরনো অপশনটি এখনো দেখা যাচ্ছে বা ব্যবহার করা যাচ্ছে। অর্থাৎ পরিবর্তনটি সব অ্যাকাউন্টে একই সময়ে কার্যকর হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।
আগে পেইজের লাইক বাড়ানোর জন্য বিজ্ঞাপন তৈরির সময় ‘পেইজ লাইকস’ পারফরম্যান্স গোল বেছে নেওয়া যেত। এখন অনেক অ্যাকাউন্টে সেটির পরিবর্তে ‘ম্যাক্সিমাইজ নাম্বার অব ফেসবুক পেইজ ভিজিটস’ দেখানো হচ্ছে। এর মাধ্যমে বিজ্ঞাপনের মূল লক্ষ্য হবে ব্যবহারকারীদের ফেসবুক পেইজে নিয়ে আসা। এরপর পেইজের কনটেন্ট পছন্দ হলে ব্যবহারকারীরা নিজেরাই পেইজটি লাইক বা ফলো করতে পারবেন।
ইনস্টাগ্রামের ক্ষেত্রেও ‘ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটস’-এর মতো পারফরম্যান্স গোল ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে।
এই পরিবর্তনের কারণে পেইজের লাইক বা ফলোয়ার বাড়াতে বিজ্ঞাপনদাতাদের কৌশলেও কিছুটা পরিবর্তন আনতে হতে পারে। শুধু পেইজে ব্যবহারকারী আনার পরিবর্তে ভালো মানের কনটেন্ট, পোস্টে এনগেজমেন্ট এবং নির্দিষ্ট সম্ভাব্য গ্রাহকদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেওয়ার ওপর বেশি গুরুত্ব দিতে হবে।
কোনো পোস্টে ভালো প্রতিক্রিয়া পাওয়া গেলে সেই পোস্টে প্রতিক্রিয়া জানানো ব্যবহারকারীদের পেইজটি ফলো করার জন্য আমন্ত্রণ জানানো যেতে পারে। পাশাপাশি ব্যবসার লক্ষ্য অনুযায়ী লিড সংগ্রহ, ওয়েবসাইটে ভিজিট বাড়ানো কিংবা সরাসরি বিক্রয়ের জন্যও বিজ্ঞাপনের বিভিন্ন লক্ষ্য ব্যবহার করা যেতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে মেটা সবার জন্য ‘পেইজ লাইকস’ বিজ্ঞাপন সুবিধা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। বরং বর্তমান পরিস্থিতিতে বলা যায়, কিছু অ্যাকাউন্টে পুরনো পারফরম্যান্স গোলটি সরিয়ে বা অকার্যকর করে পেইজ ভিজিটকে বিকল্প হিসেবে দেখানো হচ্ছে।
মেটার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এটি স্থায়ী সিদ্ধান্ত, পরীক্ষামূলক পরিবর্তন নাকি ধাপে ধাপে চালু হওয়া নতুন ব্যবস্থা- তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই।
সময়ের আলো/মহু