‘২৮ তারিখ আমার পরীক্ষা, আজ ১৮ তারিখ চলছে, এখন পর্যন্ত সিলেবাস কমপ্লিট করতে পারি নাই। পরীক্ষা দিলে আমার রেজাল্ট ভালো হবে না। আর রেজাল্ট ভালো না হলে তোমরা স্যার, ম্যামদের সামনে কীভাবে গিয়ে দাঁড়াবা? তাই আমি তোমাদের কষ্ট দিয়ে চলে গেলাম, আমাকে মাফ করে দিও।’
এভাবেই মা-বাবার কাছে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন শরিফা ইসলাম (২০) নামে এক তরুণী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনিশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিন সকালে বাড়ির পেছনের কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় শরিফাকে দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ইউডি মামলা হয়েছে। শরিফা ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
শরিফা ইসলাম উনিশিয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে ও কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। শরিফা মেধাবী ছাত্রী ছিলেন বলে জানিয়েছেন তার বোন মাহমুদা।
সময়ের আলো/আতা