গাজায় ইসরায়েলের আচরণকে ‘অন্যায়’ ও ‘অসমর্থনযোগ্য’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। একই সঙ্গে র্যাপার ম্যাকলমোরকে নিয়ে সাম্প্রতিক বিতর্কে নিজের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় কনসার্টে বক্তব্য দেওয়ার সময় শিরান বলেন, গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ ‘বিপর্যয়কর, অন্যায় ও অসমানুপাতিক’। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলাকে ‘ভয়াবহ’ বলেও উল্লেখ করেন তিনি।
পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিরান। সেখানে ইসরায়েলের ডানপন্থি জোট সরকারের অধীনে ইহুদি বসতি সম্প্রসারণের কথা উল্লেখ করে তিনি ‘পদ্ধতিগত অবিচার’-এর সমালোচনা করেন।
ম্যাকলমোরকে নিয়ে বিতর্কের প্রসঙ্গে শিরান বলেন, তাঁকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে এবং তিনি ভুলও করেছেন। এ জন্য দর্শকদের কাছে ক্ষমা চান তিনি।
এর আগে ৪ সেপ্টেম্বর নিউ জার্সির একটি কনসার্টে ‘ফ্রি প্যালেস্টাইন’ মন্তব্য করার পর ম্যাকলমোরকে শিরানের যুক্তরাষ্ট্র সফরের উদ্বোধনী শিল্পী হিসেবে বাদ দেওয়া হয়। ম্যাকলমোরের দাবি, কয়েকটি স্টেডিয়ামের মালিক তাঁকে সফরে রাখলে শিরানকে তাঁদের ভেন্যুতে পারফর্ম করতে দেওয়া হবে না বলে জানিয়েছিলেন। এরপর সফরের অন্য কয়েকজন সহযোগী শিল্পীও ম্যাকলমোরের প্রতি সংহতি জানিয়ে সরে দাঁড়ান।
তবে শনিবার শিরান বলেন, কনসার্টে শিল্পীদের বক্তব্য ও বিষয়বস্তু যাচাই করে তাদের পারফর্ম করার সুযোগ দেওয়া নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর ভাষায়, বিশ্বের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটলেও ‘মুক্ত বিশ্বে’ এমনটা হওয়া উচিত নয়।
এদিকে শিরানের কনসার্টের আগে ফিলাডেলফিয়ায় কয়েক ডজন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী জড়ো হন। গাজার পরিস্থিতি নিয়ে মানুষকে জানানো এবং ফিলিস্তিনিদের পক্ষে কাজ করা স্থানীয় সংগঠনগুলোর বিষয় তুলে ধরাই ছিল তাদের উদ্দেশ্য।
সময়ের আলো/কেএইচ